ডেস্ক রিপোর্ট ।।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণ ও ১০০ টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।
বুধবার রাতে দুই যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকার এসব পণ্য উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টম হাউস জানায়, ঢাকার প্রিভেন্টিভ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক প্রায় দেড় কোটি মূল্যের ২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ ও ১০০ টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মোবাইল আটক করে। বিমান বন্দরের গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে সন্ধ্যায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদকে তল্লাশী করে লাগেজের বডিতে অভিনব কায়দায় তার আকারে সেটিং করা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
এ সময় অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশী করে আরো ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্রান্ডের বিদেশী মোবাইল আটক করা হয়েছে। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।






















