ডেস্ক রিপোর্ট।।
পুলিশের এআইজি (সহকারী মহাপরিদর্শক) আনিসুর রহমান, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিএফআইইউ থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়।
বিএফআইইউ'র চিঠিতে উল্লেখ করা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের নামে থাকা সব হিসাবের লেনদেন তথ্য ও বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। আনিসুর রহমান ও তার স্ত্রী ছাড়াও তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।
জানা যায় যে, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে অন্যদের মতো এআইজি আনিসুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের হিসাব স্থগিত করা হয়েছে। বাকিদের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
আনিসুর রহমান এক বছর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন। একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন জোট তার বিরুদ্ধে অভিযোগ তোলার পর ইসি তাকে ওই জেলা থেকে সরিয়ে দেয়। আনিসুরের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে নারী সংসদ সদস্য হয়েছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জে।
এদিনই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ।






















