অপরাধ ও দুর্নীতি ৬ অক্টোবর, ২০১৯ ০৭:৩১

নিম্ন আদালতে নেয়া হবে সম্রাট ও আরমানকে

ডেস্ক রিপোর্ট ।।

ঢাকা দক্ষিণ যুবলীগের সদ্য সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি আরমানকে নেয়া হবে নিম্ন আদালতে।

রবিবার (৬ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাদের আটক করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর সম্রাটকে নিয়ে ঢাকার কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে সম্রাটের নিজ কার্যালয়ে অভিযান শুরু করেন র‍্যাব সদস্যরা। সেখানে অভিযান শেষ হলে দম্রাট ও আরমানকে নিম্ন আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

এছাড়াও সম্রাট ও আরমানকে আটকের পরপরই অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আসে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে।

উল্লেখ্য, যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়ে ছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে  র‌্যাব। এই ক্যাসিনোগুলো চলতো মূলত ইসমাইল হোসেন সম্রাটের ইশারাতেই। জিজ্ঞাসাবাদে খালেদ এমন কথা জানিয়েছিল বলে সংবাদ প্রকাশিত হয়।