ডেস্ক রিপোর্ট ।।
রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ম্যানশনে সম্রাটের নিজ কার্যালয়ে চালানো অভিযান শেষে সম্রাটকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন র্যাব সদস্যরা। এর আগে তার কার্যালয় থেকে ২টি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।
রবিবার (৬ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকা মহানগর দক্ষিণের সদ্য সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর সম্রাটকে সাথে নিয়েই তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় তার কার্যালয় থেকে ১৯ বোতল বিদেশী মদ, ১১৬০ পিস ইয়াবা ও দু'টি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়। ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের ঘটনায় বন্য প্রাণী সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত সম্রাটের ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সম্রাটকে এ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও মহাখালীতে সম্রাটের দ্বিতীয় স্ত্রীর বাসভবনেও অভিযান চালিয়েছে র্যাব। সর্বশেষ তথ্যমতে, শান্তিনিকেতনের বাসায় এখনো অভিযান চলছে। সম্রাটের সহযোগী আরমানের বাড়িতেও চলমান রয়েছে র্যাবের অভিযান।






















