অপরাধ ও দুর্নীতি ৭ অক্টোবর, ২০১৯ ০১:৩৬

প্রতি রাতে কত টাকা জমা হতো সম্রাটের একাউন্টে?

ডেস্ক রিপোর্ট ।।

সম্প্রতি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে আটক করেন ঢাকা মহানগর দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী আরমানকে। রাজধানীর ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত এই ক্যাসিনো সম্রাট প্রতি রাতে রাজধানীর বিভিন্ন ক্যাসিনো থেকে ৪০ লাখেরও বেশি টাকা পেতেন বলে জানা গেছে।

রবিবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের এক শিবির নেতার বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব-১ এর একটি বিশেষ দল তাদের আটক করেন। 

আটকের পর সম্রাটকে সাথে নিয়েই তার কাকরাইলের নিজ কার্যালয়ে অভিযান চালান র‍্যাব সদস্যরা। এছাড়াও একই সময়ে মহাখালীতে সম্রাটের দ্বিতীয় স্ত্রীর বাসভবন, সম্রাটের শান্তিনিকেতনের বাসা ও সম্রাটের সহযোগী আরমানের বাড়িতেও অভিযান চালান র‍্যাব সদস্যরা।

এ সময় অভিযানে সম্রাটের নিজ কার্যালয় থেকে ১৯ বোতল বিদেশী মদ, ১১৬০ পিস ইয়াবা ও দু'টি ক্যাঙ্গারুর চামড়া ও টর্চার সেলে নির্যাতন চালানোর উপকরনসহ ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়। ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের ঘটনায় বন্য প্রাণী সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত সম্রাটের ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সম্রাটকে এ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী আরমানকেও মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মূলত ক্যাসিনো ব্যবসায় সম্রাট গুরু হিসেবে মানতো এই আরমানকে। আরমানের হাত ধরেই ক্যাসিনো ব্যবসায় জড়ায় সম্রাট। এরই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন ক্যাসিনো থেকে সম্রাটের একাউন্টে প্রতি রাতে ৪০ লাখেরও বেশি টাকা জমা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।