ডেস্ক রিপোর্ট।।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাই পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার মামাতো ভাই আবু তালহা। তিনি বলেন, ‘আমার ভাইকে রুম থেকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে। আমরা ওর গায়ে অনেক জখম দেখতে পেয়েছি।’
রবিবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।পুলিশ জানিয়েছে তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পাওয়া গিয়েছে।
আবু তালহা বলেন, ‘সোমবার ভোর ৫টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয়া, আমরা আবরারের বন্ধু। ও অসুস্থ, আপনারা ঢাকা মেডিক্যালে চলে আসেন। এরপর আমি ও আমার বড় ভাই ঢাকা মেডিক্যালে এসে অনেক খোঁজাখুঁজির পর আবরারকে না পেয়ে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ছিলাম। পরে দেখি পুলিশ একটি গাড়িতে করে লাশ নিয়ে এসেছে। কী হয়েছে জানতে চাইলে তারা বলেন, ভেতরে কী হয়েছে আমরা জানি না। খবর পেয়ে আমরা লাশ নিয়ে এসেছি। কিছুক্ষণ পর হলের সহকারী প্রভোস্ট ড. শাহিনুর ইসলাম ও বুয়েটের ডাক্তার মাসুক এলাহী মেডিক্যালে আসেন। তাদের কাছে জানতে চাইলে বলেন, আমরা এখনই কিছু বলতে পারছি না।’
শেরে বাংলা হলের চার বেডের রুম ১০১১ তে থাকতেন আবরার। ওই রুমে সব মিলিয়ে ৮-১০ জন শিক্ষার্থী থাকেন। এ ঘটনার পর থেকে ওই রুমের শিক্ষার্থীরা ভয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না।
আবরার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ায়। বাবা বরকত উল্লাহ এনজিও কর্মী। আর মা রোকেয়া বেগম কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন। দুই ভাই মধ্যে আবরার বড়। তার ছোট ভাই ঢাকা কলেজে পড়ে।






















