অপরাধ ও দুর্নীতি ৯ অক্টোবর, ২০১৯ ০৯:১৯

বুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষকদের মৌন মিছিল

ডেস্ক রিপোর্ট ।।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বুয়েট ভিসির পদত্যাগসহ ১০ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছে বুয়েট শিক্ষক সমিতি। এ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক বৈঠকের পর বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষকরা।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৩০০ শিক্ষকের সমন্বয়ে এক বৈঠকের পর শিক্ষার্থীদের সামনে গিয়ে সমিতির সভাপতি এ কে এম মাসুদ এ ঘোষণা দেন।

এ সময় বর্তমান ভিসির অদক্ষতা ও নানা অনিয়মে নির্লিপ্ততার প্রেক্ষিতে ভিসির পদত্যাগ চান শিক্ষকরা।

এ আগে দুপুরে আবরার ফাহাদকে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বকশিবাজার থেকে পলাশী মোড় পর্যন্ত সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন তারা।

উল্লেখ্য, বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।