ডেস্ক রিপোর্ট ।।
কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে র্যাব। এর মধ্যে রয়েছে সাজ্জাদ গ্যাং গ্রুপের প্রধান সাজ্জাদ (১৭)।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন তাঁতিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রুপ প্রধান সাজ্জাদ ছাড়া আটককৃতদের অন্যরা হচ্ছে- আব্দুলাহ আল নোমান (১৬), ফজলে রাব্বি বাঁধন (১৮), মো. আনোয়ারুল ইসলাম (১৮), মো. জুয়েল (১৬), মো. ইয়াছিন ইসলাম (১৮), মো. সানি আহাম্মেদ (১৬), হৃদয় দত্ত (১৬), ফজলুল করিম আকাশ (১৯), সৌমিত্র বৈষ্ণব (১৬) ও মো. আদনান ইসলাম (১৬)।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের এএসপি মো. মাহবুব-উল-আলম জানান, গত ৭ অক্টোবর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নতুন পল্লী সংঘ মন্দিরে দুর্গাপূজার রাত্রিকালীন আরতির সময় সাজ্জাদ ও তার গ্রুপের আটক হওয়া অন্য ১০ সদস্য মেয়েদের উত্ত্যক্ত করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় শুভ সরকার (১৬), প্রসেনজিৎ ঘোষ (১৭) ও তনয় বর্মন বিকাশ (১৭) নামের তিন কিশোর বাধা প্রদান করলে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে সাজ্জাদসহ অন্য সদস্যরা মিলে শুভ সরকার, প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশকে বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে সাজ্জাদ গ্রুপের প্রধানসহ এই গ্রুপের মোট ১১ সদস্যকে আটক করে।
আহতদের মধ্যে শুভ সরকার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ১১ কিশোর র্যাবকে জানিয়েছে, বত্রিশ এলাকার নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার রাত্রিকালীন আরতি অনুষ্ঠানে উপস্থিত মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে তারা এই ঘটনা ঘটিয়েছে।
আটক হওয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।






















