ডেস্ক রিপোর্ট।।
সিলেট মহানগরীর নগরীর জালালাবাদ থানাধীন মনফর বাহিনীর প্রধান ১ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর আলীকে বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জালালাবাদ থানার পিটারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ।
সিলেট ভয়েসকে তিনি জানান- এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। চেঙের খাল নামক নদী থেকে নিজেরা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বালু উত্তোলনকারীদের কাছ থেকে তার বাহিনী নিয়ে চাঁদাবাজি করার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় পূর্বে তার বাহিনীর একাধিকজনকে গ্রেপ্তার করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
প্রসঙ্গত, গ্রেপ্তার মনফর আলী চেয়ারম্যান জালালাবাদ থানা এলাকায় তার নিজের নামে গঠিত ‘মনফর বাহিনী’ তৈরি করে ত্রাসের রাজত্ব গড়ে তোলেছেন। মনফর বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে।






















