ডেস্ক রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চালককে হত্যার পর তার অটোবাইক নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহতের নাম কালাম ফকির (৬০)।
রোববার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে খাদের পানি থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালাম ফকির নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া পশ্চিমপাড়ার মৃত খলিল ফকিরের ছেলে।
কালাম ফকিরের ছেলে লিটন ফকির জানান, শনিবার বিকালে কালাম ফকির অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে ফিরে আসেনি।
রোববার সকালে নাগারদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের খাদের পানিতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, অটোবাইকচালক কালাম ফকিরকে হাত-পা বেঁধে ও মুখ-মাথায় টেপ পেঁচিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এর পর মরদেহ খাদে ফেলে দিয়ে অটোবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।






















