অপরাধ ও দুর্নীতি ১৮ অক্টোবর, ২০১৯ ০২:৫৮

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ডজন মামলার আসামি

ডেস্ক রিপোর্ট।। 

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। আমিনুল ইসলাম ক্যাসেট নামে নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে অপহরণসহ ডজনখানেক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

আজ ১৮ অক্টোবর, শুক্রবার ভোরে উপজেলার ভুতগাড়ী গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় আহত হন দুই পুলিশ সদস্য। নিহত আমিনুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামে।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, আমিনুল অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার, ছিনতাইসহ প্রায় এক ডজন মামলার পলাতক আসামি।

বৃহস্পতিবার রাতে একই উপজেলার ভুতগাড়ী গ্রামে ক্যাসেটসহ তার দলবল নতুন করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের জন্য একত্রিত হচ্ছিলেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এসময় পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে তারা গুলি ছুড়ে ক্যাসেট ও তার সহযোগীরা। 

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে অন্য সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ক্যাসেট। 

আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।