অপরাধ ও দুর্নীতি ২২ অক্টোবর, ২০১৯ ০২:৩৩

যুবলীগের সদ্য পদ হারানো চেয়ারম্যান ওমর ফারুক ও স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

যুবলীগের চেয়ারম্যান পদ থেকে সদ্য অব্যহতি পাওয়া ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী ও তিন ছেলে এবং তাদের মালিকানাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ (লেনদেন স্থগিত) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ১১৬ ধারার ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর এনবিআর থেকে ব্যাংকগুলোকে এই আদেশ দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, তিন ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনও টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একই চিঠিতে তাদের ব্যবসায় প্রতিষ্ঠান লেকভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

চিঠিতে তাদের বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে ধানমন্ডি ৮/এ সড়কের ইস্টার্ন হেরিটেজ, রমনার বঙ্গবন্ধু অ্যাভিনিউর ৪৫ নম্বর বাসা ও চট্টগ্রামের রাউজানের সূত্রাপুর।