ডেস্ক রিপোর্ট।।
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রমনা থানায় দায়ের হওয়া মাদক ও অস্ত্র আইনের মামলায় জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাদক মামলায় রিমান্ড শেষে এবং অস্ত্র মামলায় রিমান্ড চলাকালীন সম্রাটকে আদালতে হাজির করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন না-মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মাদক ও অস্ত্র মামলায় সম্রাটের বিরুদ্ধে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।






















