ডেস্ক রিপোর্ট।।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে দলীয় সভাপতির নির্দেশেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিনের বর্ধিত সভায় একথা বলেন তিনি।
দলের কাউন্সিলকে সামনে রেখে এবার বর্ধিত সভা করলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শুদ্ধি অভিযানের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃত্বে আগামী ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে। ক্ষমতা চিরস্থায়ী নয়। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে বিতর্কিত লোক এনে দল ভারী করার দরকার নেই। এদের দিয়ে দল ভারী করেন অন্ধকার এলে বাতি জ্বালিয়ে পাবেন না। আওয়ামী লীগে যোগ্যতা দিয়ে নেতা হতে হবে। যার ভোগের লিপসা আছে তার দরকার নেই।
সামনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখের সঙ্গে সমন্বয় করেই ঢাকা মহানগর দক্ষিনের সম্মেলনের তারিখ ঘোষিত হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের শিডিউল অনুযায়ী দলের সম্মেলন চূড়ান্ত করা হবে। এবারের নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ, প্রতিপক্ষ আটঘাট বেঁধে নামবে। খেয়াল রাখবেন বিদ্রোহী প্রার্থী যেন না থাকে। কেননা, নিজেরা নিজেরা ঝগড়া করলে সুযোগ নেবে প্রতিপক্ষ।’
এদিকে, বির্তক তৈরি হয় এমন অপকর্ম না করতে দলীয় নেতাকর্মীদের আরো একবার সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাদের বলেন, শুদ্ধি অভিযানকে কে কীভাবে দেখছে জানি না, কার স্বার্থে আঘাত লেগেছে জানি না। তবে এই শুদ্ধি অভিযান দেশের জনগণ প্রশংসা করছে, সমর্থন জানিয়েছে। বিশ্বে শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন। আজ বিএনপি বড় বড় কথা বলে। তারা যখন ক্ষমতায় ছিলো সন্ত্রাস, খুন, লুটপাট, মাদক এমন কোনো অপকর্ম ছিলো না যার সঙ্গে তারা যুক্ত ছিলো না। হাওয়া ভবনের নির্দেশে সবকিছু হয়েছে। একজন অপরাধীকেও তখন আইনের আওতায় আনা হয়নি। ফখরুল সাহেব (বিএনপির মহসচিব) একটি উদাহরণও আপনি দেখাতে পারবেন না। শেখ হাসিনার সাহস আছে, তিনি অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
শুদ্ধি অভিযানকে স্বাগত জানালে বিএনপির ইতিবাচক রাজনীতির প্রমাণ হতো বলেও সভায় মন্তব্য করেন কাদের।






















