ডেস্ক রিপোর্ট।।
এবার রাজধানীর হাজারীবাগে বান্ধবীকে বাজে মন্তব্য করার প্রতিবাদ করায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে হাজারীবাগের রায়েবাজার ঢালে ঘটনাটি ঘটে। নিহত আরিফুল ইসলাম সজল (২২) মোহাম্মদপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে এক বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন আরিফুল ইসলাম। এ সময় কয়েকজন যুবক তাদের লক্ষ্য করে বাজে মন্তব্য করে। এ নিয়ে বাকবিতণ্ডা হলে কিছুক্ষণ পর ওই যুবকরা আরও কয়েকজনকে সঙ্গে এনে সজলকে পিটিয়ে গুরুতর আহত করে। রাত ৯ টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
খবর পেয়ে সজলের বাবা শহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। তিনি বলেন, ‘সজল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় প্রাইভেট পড়েছে। সন্ধ্যার পর বাসা থেকে বের হয়েছে। এরপর এই ঘটনা ঘটে।’ দুই ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় সজল। তার বাবা ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করেন।






















