অপরাধ ও দুর্নীতি ৬ আগস্ট, ২০১৯ ১২:১১

ধর্ষকও ওসি আবার তদারকিতেও ওসি!

ডেস্ক রিপোর্ট ।। 

খুলনার জিআরপি (রেলওয়ে) থানায় এক তরুণীকে (২১) গণধর্ষণের অভিযোগ উঠেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে ওই কিশোরী নিজেই আদালতে ধর্ষণের অভিযোগ করেছেন।

এদিকে, আদালতের নির্দেশে ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার রাতে ওই তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সময় স্বল্পতার কারণে তার ডাক্তারি পরীক্ষা হয়নি। আজ সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. অঞ্জন চক্রবর্তী বলেন, রোববার রাতে সময় স্বল্পতার কারণে ধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা যায়নি। তাই সোমবার দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এজন্য বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেতে একটু সময় লাগবে।

ধর্ষণের শিকার তরুণীর বড় বোন বলেন, আমার বোনের শ্বশুরবাড়ি সিলেটে। আমার মা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় দেখতে খুলনায় আসেন তার বোন। তিনি নিজেও অসুস্থ থাকায় বৃহস্পতিবার যশোরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। শুক্রবার যশোর থেকে আসার সময় ফুলতলা এলাকায় জিআরপি পুলিশ প্রথমে তাকে মোবাইল চুরির অপরাধে থানায় ধরে নিয়ে যায়।

শুক্রবার বিকেলে জিআরপি পুলিশ প্রথমে বলেছে আমার বোন মোবাইল চুরি করে ধরা পড়েছে। পরে জানায় তাকে ছাড়াতে এক লাখ টাকা লাগবে। টাকা না দিলে কি করে আদায় করা যায় তা নাকি পুলিশ জানে। পরে টাকা না দিয়ে থানা থেকে চলে আসি আমরা।

তিনি আরও বলেন, আমরা থানা থেকে বের হয়ে আসার পর ওই দিন রাতে থানা হাজতে আমার বোনকে বিবস্ত্র করে ওড়না দিয়ে হাত-মুখ বেঁধে ফেলা হয়। এরপর প্রথমে ওসি ওসমান গনি পাঠান ও পরে আরও চার পুলিশ আমার বোনকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাকে মারপিটও করা হয়। পরদিন শনিবার পাঁচ বোতল ফেনসিডিলসহ আমার বোনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

রোববার তাকে আবার আদালতে আনা হয়। তখন আদালতে বিচারকের সামনে নেয়ার পর জিআরপি থানায় গণধর্ষণের বর্ণনা দেয় আমার বোন। তখন আদালতের বিচারক তার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসি ওসমান গনি বলেন, শুনেছি ওই গৃহবধূকে থানায় গণধর্ষণ করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন। কিন্তু ওই গৃহবধূকে এক নারী এসআই এবং নারী কনস্টেবল পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন। থানায় ওই দিন রাতে তিনজন নারী পুলিশসহ আটজন পুলিশ পাহারায় ছিলেন। সেখানে গৃহবধূকে গণধর্ষণের সুযোগ নেই। মূলত মামলা থেকে রক্ষা পেতে মিথ্যা অভিযোগ করেছেন ওই গৃহবধূ।

জিআরপি থানায় খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে ওসি ওসমান গনি, কনস্টেবল মফিজ, কুদ্দুস, আলা উদ্দিন ও কামরুল ডিউটিতে ছিলেন।

সোমবার দুপুরে জিআরপি পুলিশের এসআই মফিজুল বলেন, ওই দিন আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে ওই গৃহবধূ নাকি আদালতে অভিযোগ করেছেন তাকে গণধর্ষণ করা হয়েছে।

ওসি ওসমান গনি বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে এসআই মফিজুল বলেন, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ওসি। গণধর্ষণের শিকার নারীর তদারকি করছেন তিনি।

এদিকে পাকশী রেলওয়ের পুলিশ সুপার সোমবার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জিআরপির সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদকে।