অপরাধ ও দুর্নীতি ৬ নভেম্বর, ২০১৯ ০২:১০

রূপপুরের বালিশকাণ্ডে গণপূর্তের ৭ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বিছানা-বালিশ ও আসবাবপত্র কেনার দুর্নীতির অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ৭ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে । আজ (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেগুনবাগিচা দুদক প্রধান কার্যালয়ে কয়েক দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদুল আলম ছাড়া আর যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. তারেক, মো. তাহাজ্জুদ হোসেন ও মোস্তফা কামাল, উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, মো. আবু সাঈদ ও মো. ফজলে হক।

প্রসঙ্গত, গত রবিবার (৩ নভেম্বর) গণপূর্তের ৩৩ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠান দুদক উপপরিচালক মো. নাসির উদ্দিন। এরই অংশ হিসেবে বুধবার ৭ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করা হলো।

আরও জানা যায়, এ ছাড়া আগামীকাল (৭ নভেম্বর) ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন উপ সহকারী প্রকৌশলী মো. শফিকুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, উপ সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মো. শাহীন উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী জাহিদুল করিম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জিল্লুর রহমান।

উল্লেখ্য, এরপর আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর পর্যায়ক্রমে বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে বলা হয়েছে।