অপরাধ ও দুর্নীতি ৮ নভেম্বর, ২০১৯ ০৩:৩৯

অভিযোগ অস্বীকার করলেন এসপি হারুন

ডেস্ক রিপোর্ট।। 

তার বিষয়ে তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।  

পুলিশ সদর দপ্তরে বদলি হওয়া নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি হারুনকে দেয়া বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমার সহকর্মীদেরকে যদি কেউ লাঞ্চিত করে, তাদের মাথায় কেউ অস্ত্র ঠেকায় তাহলে সেটা আমি মেনে নিতে পারি নাই বলে, সেদিন ওই ব্যক্তিটি কত শক্তিশালী এবং সম্পদশালী সেটা আমি দেখি নাই। আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ তো দেখছেন। তারা কি তদন্ত করে দেখবেন না যে, নারাণগঞ্জের প্রত্যেকটি কাজের পিছনে কোন যৌক্তিকতা আছে কি নাই। তারা অবশ্যই দেখবেন।'

এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তন্তর করেন তিনি। বিদায়ী অনুষ্ঠানে এসপি হারুন বলেন, গাড়ি তল্লাশি করে বিপুল পরিমান মাদকদ্রব্য পাওয়ার কারনে উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে বিসিবি’র পরিচালক শওকত আজিজ রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়েছে।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় তাকে ফাঁসানো হয়েছে। তার বিষয়ে তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।