অপরাধ ও দুর্নীতি ৯ আগস্ট, ২০১৯ ০৬:২৭

হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডেস্ক রিপোর্ট।। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়া হয় বলে পুলিশের তরফ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কাটাখালী বাঁধের ওপর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এ তথ্য জানান।

নিহত চিনু মিয়ার (৩৮) বাড়ি উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় অন্তত ১৮টি মামলা রয়েছে।

এ বিষয়ে ওসি একেএম মেহেদী হাসান জানান, হাতকড়াসহ পুলিশের কাছ থেকে চিনু মিয়াকে ছিনিয়ে নিয়েছিলো তার সহযোগীরা। কাটাখালী বাঁধ এলাকায় গা ঢাকা দিয়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ওই দিন গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি আরো জানান, চিনু ও তার সহযোগীদের পুলিশ আটকের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চিনু। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আহত পুলিশের দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে বিশ্বনাথ গ্রামের বাঁধের ওপরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ চিনুকে ছিনিয়ে নেয় তার সহযোগী ও স্বজনরা। এ সময় চিনুর সহযোগী নুর আলম ও তাজনুরকে আটক করে পুলিশ।