অপরাধ ও দুর্নীতি ২১ নভেম্বর, ২০১৯ ০২:৪৩

কাউন্সিলর রাজিবের তিনটি গাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট ।। 

দুর্নীতির মামলায় গ্রেপ্তার আলোচিত কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের ৩টি গাড়ি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজিবের মামলার আলামত হিসেবে এসব গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ি তিনটি হলো- ডিফেন্ডার ব্র‌্যান্ডের জিপ গাড়ি (ঢাকা মেট্রো শ-০০-০৬৬৪), রিডো ড্রাইফ ও নীল রঙের পিকআপ গাড়ি। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ‌্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গাড়ি তিনটি মোহাম্মাদপুরের বেরিবাঁধের ঢাকা কার পেইন্ট অ‌্যান্ড লেকার সেন্টার নামের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

জব্দকৃত গাড়ির মধ্যে ডিফেন্ডার (ঢাকা মেট্রো শ-০০-০৬৬৪) ব্রান্ডের জিপ গাড়িটি দুদকের প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। বাকি দুটি মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে। এর আগে ৬ নভেম্বর কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন।