অপরাধ ও দুর্নীতি ২৩ নভেম্বর, ২০১৯ ১০:২৪

প্রেমিকাকে অপহরণকালে প্রেমিকসহ আটক ৬

ডেস্ক রিপোর্ট ।। 

রংপুরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের সময় টাইগার গ্রুপ নামে কিশোর অপরাধ গ্যাংয়ের সাত জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর সাহেবগঞ্জ বুদুকমলা এলাকা অপহরণকারীদের আটক করা হয়।

আটকৃতরা হলো- আসাদুজ্জামান শুভ (২৫), শুকুর আলী (২০), আলম হোসেন (২২), নাহিদ (১৯) আশিকুর চৌধুরি (২২), মাহি ইসলাম রুবেল (২২) ও মাইক্রোবাস চালক মনোয়ারুল (২৫)। এরা হারাগাছ এলাকায় টাইগার গ্রুপ নামে কিশোর গ্যাং গড়ে তুলেছে বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নাজমুল কাদের।

তিনি জানান, কলেজ পড়ুয়া ওই ছাত্রীর সাথে দুই বছর আগে শুভর প্রেমের সম্পর্কের ছিন্ন হয়। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব পাঠালে মেয়ের পরিবার এতে রাজি না হওয়ায় প্রেমিক শুভ ক্ষুব্ধ হয়ে উঠে। সেই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় সাবেক প্রেমিকাকে অপহরণের চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় শুভসহ টাইগার গ্রুপের সকলকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ আনিত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।