ডেস্ক রিপোর্ট ।।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা মূল্যের প্রায় ৬ কেজি স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-৬৩৮ এর যাত্রী মো. মুরশেদ হোসেনের কাছ থেকে এ স্বর্ণালংকার আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস সূত্র।
এ বিষয়ে জানা যায়, স্বর্ণালংকারসহ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীকে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে তার হাতে থাকা ক্রোকারিজ সংবলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকানো স্বর্ণালংকার শনাক্ত হয়।
এরপর বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি স্বর্ণালংকার পাওয়া যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।






















