সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানের পর এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মামলার চার নম্বর আসামি অর্জুন লস্কর। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে রবিবার সকাল ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে ছাতক খেয়াঘাট এলাকা থেকে রবিবার সকালে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, আসামি অর্জুন হবিগঞ্জের মাধবপুরে এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে ছিল। জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল প্রযুক্তির মাধ্যমে অর্জুনের অবস্থান শনাক্ত করে।
প্রসঙ্গত, শনিবার সকালে ছয় জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা করেছিলেন ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী।
মামলার আসামিরা হলেন- এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লঙ্কর, রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুম।






















