নিজস্ব প্রতিবেদক
ছুরিকাঘাতে রাজধানীর মোহাম্মদপুর পুলপাড় হোসেন সাহেবের গলিতে নজরুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে করে খুন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. লতিফ জানান, পুলপাড় হোসেন সাহেবের গলিতে মুদি দোকান রয়েছে নজরুলের। দুপুরে দোকানে ছিলেন তিনি। এসময় রাহাত (৩০) নামে এক যুবক দোকানে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক রাহাতকে আটক করা হয়েছে। কী কারণে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






















