ডেস্ক রিপোর্ট
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজনকে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, রাজধানীর শান্তিনগরের বাসিন্দা আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়িটির চার তলার কাজ চলমান। ওই বাড়ির নির্মাণকাজ শুরুর পর থেকেই ইউপি চেয়ারম্যান সুজন আশরাফুলের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
মঙ্গলবারও লোকজন নিয়ে ইউপি চেয়ারম্যান সুজন ওই বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় নানা ভয়ভীতির মুখে আশরাফুল এক লাখ টাকা দিতে বাধ্য হন। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন আসামি সুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের আইনজীবী মাসুদ খান খোকন জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদনের বিষয়ে অধিকতর শুনানি জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) দিন ধার্য করে ইউপি চেয়ারম্যান সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিরুলিয়া এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে সাভার মডেল থানা পুলিশ ইউপি চেয়ারম্যান সুজনকে গ্রেফতার করেন।






















