ডেস্ক রিপোর্ট
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্য ইয়াছিন আরাফাতকে (২২) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার কলতাপাড়া চুরাইল এলাকার একটি ঘরে জেএমবির সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরাফাতকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত পাঁচটি লিফলেট, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড, পেনড্রাইভ, কার্ড রিডার, মেমোরি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আরাফাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায়। তিনি গৌরীপুরের ওই এলাকায় একা বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং রাতে গোপনে উগ্রবাদী বই ও লিফলেট বিতরণ করতেন।
আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে উগ্রবাদ সম্পর্কিত বই ও লিফলেট সংগ্রহ করতো এবং উগ্রবাদী কার্যক্রমে অংশগ্রহণ করতো।
আরাফাতের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের সিনিয়র এএসপি জোনাঈদ।






















