অপরাধ ও দুর্নীতি ২ অক্টোবর, ২০২০ ০১:৩২

গাজীপুরে বাসে ডাকাতির সময় র‌্যাবের হাতে আটক ৪

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের ইপসা এলাকায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতির সময় দেশীয় অস্ত্র ও প্রাইভেটকারসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)

আটকৃতরা হলেন আতাহার আলী (৩৫), উজ্জ্বল মিয়া (৩০), নজরুল ইসলাম রুবেল (৩৫) ও জাকির হোসেন (৩৭)

আজ শুক্রবার (২ অক্টোবর) এক যাত্রীর ফোনে খবর পেয়ে র‌্যাব-১ এর একটি টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ওই চার সদস্যকে আটক করে

এসময় তাদের কাছ থেকে চাপাতি, দু’টি চাকু, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ ছয় হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়

র‌্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের ইপসা গেট এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী আলম এশিয়া নামে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির চেষ্টা করছে বলে এক যাত্রী ফোনে জানায়। খবর পেয়ে র‌্যাব-১ এর একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে আন্তঃজেলা ডাকাতদলের ওই চার সদস্যকে আটক করে

ডাকাত দলের সদস্যরা বাসের চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের মালামাল ডাকাতির চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি