নিজস্ব প্রতিবেদক
চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রাজধানীর খিলগাঁওয়ে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রিকশাচালকের নাম সজল মোল্লা (৫৫)। যৌন হয়রানির শিকার ওই চার শিশুর বয়স আনুমানিক ছয় থেকে নয় বছরের মধ্যে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তারা ভর্তি আছে।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশেড বাড়িতে ওই চার শিশু থাকত। তাদের বাসার পাশেই থাকতেন রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতেন স্বজল। সেখানে তিনি বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতন চালান।
বাচ্চু মিয়া আরও জানান, ঘটনাটি জানাজানি হয়ে গেলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। তার পরপরই অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা পুলিশ। অভিযুক্ত সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, এ ঘটনায় রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া দরকার। আমরা দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করব।






















