নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ ৫ জনের দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
গোয়েন্দা পুলিশের (সিআইডি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার( ৮ অক্টোবর) এ আদেশ দেন।
সংশ্নিষ্ঠ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরকত ও রুবেলসহ পাঁচজনের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হবে তাদের মধ্যে অপর তিন ব্যক্তি হলেন-আসামি বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভিন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম ও আব্দুল সাদেক মুকুল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস তাদের ব্যাংক হিসাব জব্দ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ নির্দেশ দেন।
আবেদনে বলা হয়, এই ৫ জনের নামে ও তাদের প্রতিষ্ঠানের নামে থাকা ৮৮টি ব্যাংক হিসাব রয়েছে বলে তদন্তে উঠে আসে। মামলাটি তদন্তকালীন এজাহারনামীয় আসামি ও বাকি আসামিদের ও তাদের প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংকের হিসাব জব্দ না হলে মামলার তদন্তে বিঘ্ন ঘটছে বিধায় মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ও তাদের প্রতিষ্ঠানের নামে থাকা এসব ব্যাংক হিসাব জব্দ করা একান্ত জরুরি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে প্রধান আসামি করে অবৈধভাবে দুই হাজার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলাটি দায়ের করে সিআইডি। এ মামলায় আদালতের মাধ্যমে রুবেল ও বরকতকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ওই সময় এর সঙ্গে জড়িত অনেকের নাম প্রকাশ করেন তারা। রুবেল-বরকতের স্বীকারোক্তি ও তথ্যানুযায়ী জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমকে গ্রেফতার করা হয়।






















