অপরাধ ও দুর্নীতি ৯ অক্টোবর, ২০২০ ১০:০৩

চট্টগ্রামে রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৮

নিজস্ব প্রতিবেদক

বাসায় ফেরার পথে চট্টগ্রামে এক গৃহবধূকে (২২) রিকশা থেকে নামিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। নগরের চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ওসিসি থেকে পুলিশকে জানানোর পর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আটজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার রাঙ্গুনিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গতকাল রাত সাড়ে দশটার দিকে নগরের চান্দগাঁও এলাকায় নামেন ওই গৃহবধূ। সেখানে থেকে রিকশায় নগরের চকবাজারের বাসায় যাওয়ার জন্য রওনা হন। মৌলভী পুকুরপাড় এলাকায় তাঁকে রিকশা থেকে নামিয়ে রাস্তার পাশে একটি ডাস্টবিনের আড়ালে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।