নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে ‘অবৈধ কর্মকাণ্ড’ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় লাফ দিয়ে পড়ে দুই নারী আহত হওয়ার খবরে বেকায়দায় পড়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযান হলেও কারও লাফ দিয়ে পড়ার বিষয়ে তাদের জানা নেই। এখন এই খবরের সত্যতা জানতে ওই দুই নারীকে খুঁজছেন তারা।
গত মঙ্গলবার বিকালে গুলশান ১৩০ নম্বর সড়কের একটি ভবনে ‘অলিফ স্পা’ নামের প্রতিষ্ঠানে অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গুলশান ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ বলেন, “সেখানে ম্যাসাজ পার্লারের নামে অবৈধ কর্মকাণ্ড চলছে এমন খবর পাওয়ার পর অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অনেকে হুড়োহুড়ি করে পালিয়ে যায়।”
ওই অভিযানের সময় দুইজন নারী লাফিয়ে নিচে পড়ে আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয় বলে খবর ছড়ায়।
এই খবর তারাও শুনেছেন জানিয়ে খোরশেদ আলম বলেন, তবে কে লাফিয়ে পড়েছে তা এখনও নিশ্চিত হতে পারেননি তারা।খবরটি শুনে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতে গিয়ে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক একজনকে পাওয়া গেলেও তার দাবি, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
এ বিষয়ে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, অভিযানের সময় ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর তিনিও শুনেছেন।কিন্তু এখনও সত্যতা পাইনি। আমরা খোঁজ করছি।






















