ডেস্ক রিপোর্ট।।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বস্তাভর্তি টাকাসহ কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম ও তার সহযোগী মো. সিরাজুল ইসলামকে বস্তাভর্তি টাকাসহ গ্রেফতার করেছে।
দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে তাদের গ্রেফতার করেন।
মো. সিরাজুল ইসলাম কিশোরগঞ্জের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বর্তমানে রাজধানীর সেগুনবাগিচায় মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা।
দুদক সূত্রে জানায়, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামের বিরুদ্ধে জেলা হিসাবরক্ষণ অফিস ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিলের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করে দুদক। মামলার পর সেতাফুল ইসলামকে পিরোজপুর সার্কিট হাউস এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সেতাফুল ইসলাম জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। দুই দিন তিনি সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে প্রায় পাঁচ কোটি টাকা তুলে বস্তায় ভরে নিয়ে যান। তাকে গ্রেপ্তারের পর অভিযান চালিয়ে কিছু টাকা উদ্ধার করা হয়। মামলার তদন্তে এ ঘটনায় আরও আটজন জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা মোট নয়জনকে আসামি করে অভিযোগপত্র জমা দিয়েছেন।






















