অপরাধ ও দুর্নীতি ১৯ অক্টোবর, ২০২০ ০৮:২৩

বাগেরহাটে নারীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক নারী (২৪) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে উপজেলার দাড়িয়া কাহারডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আল আমিন বিশ্বাস (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার দাড়িয়া কাহারডাংগা গ্রামে ঘটনা ঘটে। তবে ঘটনার পরই এদিন রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার আল আমিন ফকিরহাট উপজেলার দাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে। আর ভুক্তভোগী নারীর বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খাইরুল আনাম জানান, পূর্ব পরিচয়ের সূত্রধরে ওই নারীকে রবিবার বিকেলে কাহারডাঙ্গা গ্রামে নিয়ে আসে আল আমিন বিশ্বাস। সন্ধ্যায় আল আমিন তার বাড়ির সুপারি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী নারী।

সোমবার সকালে অভিযুক্ত আল আমিনকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।