অপরাধ ও দুর্নীতি ১৯ অক্টোবর, ২০২০ ০৮:৪৪

গাজীপুরে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, সোমবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার একটি ধান ক্ষেতে আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় সনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।