অর্থ ও বাণিজ্য ২৭ জানুয়ারি, ২০২১ ০৯:৫৫

ব্যাংকের যে সুবিধা পাবে হল মালিকরা

নিজস্ব প্রতিবেদক

দেশের সিনেমা হলগুলোর জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে এক হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলোর মাধ্যমে সিনেমা হল নির্মাণ, সংস্কার এবং আধুনিকায়নে কম সুদে ঋণ পাবেন মালিকরা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় পুনঃঅর্থায়ন তহবিলের অনুমোদন দেয়া হয়। এ তহবিলের সুদহার কত হবে, কতদিন মেয়াদে ঋণ নেয়া যাবে, তা ঠিক করে শিগগিরই সার্কুলার জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।

গেল বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনেমা হলের জন্য এ তহবিল গঠনের ঘোষণা দেন। গত আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশনা দেন।