অর্থ ও বাণিজ্য ৯ মার্চ, ২০২১ ১১:২৭

সূচক কমে শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আবারো পতন দেখলো পুঁজিবাজার। আজ মঙ্গলবার পুঁজিবাজারের প্রধান প্রধান সূচকগুলো কমেছে। সূচক কমলেও লেনদেন ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর আজ পতন হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে।

জানা গেছে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৯১.৩৮ পয়েন্টে। ডিএসই’র অপর সূচকগুলোর মধ্যে ডিএসই৩০ সূচক দুই দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৫.৪২ পয়েন্টে। তবে শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৯২ এবং সিডিএসইটি চার দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৬.১২ পয়েন্ট ও ১২০৪.০৫ পয়েন্টে।

আজ ডিএসইতে এক হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ৩২১ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৮০টির বা ২২.২৫ শতাংশের, কমেছে ১৫৭টির বা ৪৩.৮৫ শতাংশের এবং ১২১টির বা ৩৩.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ছয় দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৮.৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৪২ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৩টির, কমেছে ৯৬টির আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।