অর্থ ও বাণিজ্য ১৭ অক্টোবর, ২০২২ ০৩:৫২

শেয়ারবাজারে দরপতন, বিনিয়োগকারীরা আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শেষ পর্যন্ত মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে দাম কমার তালিকায় সাতগুণ প্রতিষ্ঠানের নাম। লেনদেনের পরিমাণও কমেছে অনেক। 

ছয় মাসের বেশি সময় ধরে শেয়ারবাজার মন্দার মধ্যে রয়েছে। কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখে গেলেও সার্বিকভাবে বাজার পতনের মধ্যে রয়েছে। অধিকাংশ সাধারণ বিনিয়োগকারীরা লোকসানের মধ্যে রয়েছেন। এছাড়া শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় আতঙ্কে রয়েছেন বরে জানিয়েছেন বিনিয়োগকারীরা।

তারা আরও বলেছেন,বিশ্বমন্দা আসছে এমন গুঞ্জন কয়েকদিন ধরেই বাজারে ঘুরছে। বাজার যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে তখনই কোনো না কোনো খারাপ সংবাদ আসছে। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এমনিতেই আতঙ্ক রয়েছে। এরমধ্যে আজকের বড় দরপতন সাধারণ বিনিয়োগকারীদের আরও আতঙ্কিত করে তুলেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায় , সোমবার(১৭ অক্টোবর) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় শেয়ারবাজার খুলতেই ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচক ঊর্ধ্বমুখীই থাকে। তবে দুপুর ১২টার পর থেকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। এতে দেখতে দেখতে সূচকের বড় পতন হয়। সেই সঙ্গে ছোট হয় দাম বাড়ার তালিকা। আর বড় হয় পতনের তালিকা।

ডিএসইতে দাম বেড়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারে। বিপরীতে দাম কমেছে ১৫৩টির। আর ১৮২টির দাম অপরিবর্তিত।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬৩ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৪টির এবং ৮০টির দাম অপরিবর্তিত।

আমাদের কাগজ//জেডআই