আমাদের কাগজ ডেস্কঃ আজ ১৭ তম দিন আন্তর্জাতিক বাণিজ্য মেলার। বেশ কিছু দিন পেড়িয়ে গেলেও শুরুর তৃতীয় শুক্রবারে মেলায় ঢল নেমেছে দর্শনার্থীদের। এদনে ব্যাবসায়ীরা অনেক ব্যাস্ততম দিন পার করছে বলে জানা গিয়েছে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সাপ্তাহিক ছুটি হওয়ায় আজ সকাল থেকেই ঢল নেমেছে দর্শনার্থীদের। বাণিজ্য মেলার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম ট্রাফিক বিভাগ।
২৫ জানুয়ারি মেলা প্রাঙ্গণে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তারা জানান, মেলা ১০টা থেকে শুরু হলেও সকাল ৯টা থেকেই গাড়ির চাপ বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই অবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার প্রধান ফটকের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি। তারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে লাইন ধরে মেলায় প্রবেশ করছেন। মেলার প্রবেশ গেটে পুলিশ ও মেলা কর্তৃপক্ষের লোকজন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এদিন রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশপাশের অনেক এলাকা থেকে মেলায় এসেছেন। কেউ পরিবার নিয়ে মেলায় এসেছেন। আবার কেউ বন্ধুদের সঙ্গে এসেছেন।
মেলায় প্রবেশের পরই চোখে পড়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সামনে থাকা সুবিশাল খালি জায়গা। যেখানে রয়েছে বিশ্রাম করার জন্য বেঞ্চ, দৃষ্টিনন্দন ফোয়ারা ও হাঁটা-চলার জন্য পর্যাপ্ত জায়গা। সেখানে অনেকেই গল্প-আড্ডায় মেতে ওঠেছেন। আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত।
এবারের মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। এতে ভারত, পাকিস্তান, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। উল্লেখ্য,মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়ষ্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আমাদের কাগজ/এমটি






















