অর্থ ও বাণিজ্য ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৪

বাংলাদেশকে ঋণের প্রথম কিস্তি দিল আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দেওয়া ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। আইএমএফের দেওয়া ৪৭০ কোটি ডলারের ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬২ লাখ ডলার আজ বৃহস্পতিবার হাতে পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা। এ অর্থ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

তিনি বলেন, ‘আজকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার জমা হয়েছে। সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে।’

এর আগে বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আইএমএফের নির্বাহী পর্ষদে ওঠে। গত সোমবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। ওইদিনই জানানো হয়, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রস্তাব অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ এ তথ্য জানায়।

আমাদেরকাগজ/এইচএম