অর্থ ও বাণিজ্য ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৫১

ব্রয়লারের ডাবল সেঞ্চুরি, ডিমের হালি ৫০

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নিত্য বাজার দর ওঠা নামা করবে এটা নতুন কিছু না । তবে এ কারণে, পাইকারি পর্যায়ে পণ্যের দাম বাড়তি! যা সর্ব সাধারণের জন্য আতকে ওঠার বিষয়।কয়েকদিন ধরেই অস্থির হয়ে উঠেছে ডিম ও ব্রয়লার মুরগির বাজার। এক সপ্তাহের ব্যবধানে খুচরা ও পাইকারি পর্যায়ে ডিমের দাম হালিতে বেড়েছে ১০ টাকা। আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত।  তথ্য অনুযায়ী, প্রতি হালি ডিম এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। ডজন দেড়শ টাকা। আর ব্রয়লার মুরগি বাজার ভেদে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে পাওয়া গেছে এ চিত্র।

অন্যদিকে প্রান্তিক খামারিদের একটি সংগঠন এ মূল্যবৃদ্ধির জন্য করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন।

বাজারের এমন পরিস্থিতিতে এক সপ্তাহ আগেও যারা ব্রয়লার মুরগি কিংবা ডিম কিনেছিলেন, সোমবার বাজার এসে তাদের পিলে চমকে গেছে। হুট করে এমন দামবৃদ্ধি বাজারে অস্থিরতা তৈরি করেছে। দোকানে দোকানে দাম নিয়ে চলছে ক্রেতা-বিক্রেতার বাগবিতণ্ডা।

অন্যদিকে পাড়া-মহল্লার মুদিদোকান থেকে ডিম কিনলে দিতে হচ্ছে তারচেয়েও কয়েক টাকা বেশি। কোথাও কোথাও ডিম ৫২ টাকা হালি বিক্রি হতে দেখা গেছে। ফার্মের মুরগির সাদা ডিম একটু কমে, প্রতি হালি ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। আর বাজারভেদে হাঁসের ডিমের হালি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা।

অন্যদিকে বাজারভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা। আর সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩৪০-৩৫০ টাকা পর্যন্ত। দেশি মুরগির দাম হাঁকা হচ্ছে ৫০০-৫৬০ টাকা প্রতি কেজি।

প্রসঙ্গত, দেশবাসীকে কর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অর্থনীতির মন্দার কারণে তেল,গম চিনিসহ প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে বলে উল্লেখ্য করেছেন তিনি। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (পিআইসিসি) দুইদিনব্যাপী রাজস্ব সম্মেলন উদ্বোধনকালে এসব কথা বলেন।