অর্থ ও বাণিজ্য ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:১৫

চিনির আমদানি শুল্ক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য জানানো হয়েছে।।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৩০ মে পর্যন্ত আমদানিকারকদের বিনা শুল্কে পরিশোধিত ও অপরিশোধিত চিনি খালাস করার সুবিধা দেয়া হয়েছে।

এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজানে নিরবচ্ছিন্ন চিনির সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আগে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে ছয় হাজার টাকা ও অপরিশোধিত চিনি আমদানিতে তিন হাজার টাকা শুল্ক কর নির্ধারিত ছিলো। অপরিশোধিত চিনি আমদানিতে ৩০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপিত ছিলো। দামের ঊর্ধ্বগতির কারণে এটি কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এ সুবিধা চলতি বছরের ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভায় আমদানি, সরবরাহ পরিস্থিতি ও বাজারমূল্যসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয়।

ওই বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে দেশে প্রায় দুই লাখ টন কম চিনি আমদানি হয়েছে। মূলত ডলার সংকটে এলসি খুলতে না পারার কারণে এই আমদানি ঘাটতি তৈরি হয়েছে বলে টাস্কফোর্সের সভায় উঠে আসে।

আমাদেরকাগজ/এইচএম