আমাদের কাগজ ডেস্কঃ শুরুতে দাম কমলেও ফেব্রুয়ারিতে বেড়ে যায় এলপিজির দাম। এরকম হয়ে আসছে চলতি বছরে। এদিকে আবার চলতি মার্চে এসে দাম কমলো এলপিজির। প্রতিকেজিতে ৯ টাকা ৫৪ পয়সা কমে মার্চ মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে অটোগ্যাসের দামও কমেছে। প্রতি ইউনিট অটোগ্যাস ৬৯ টাকা ৭১ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৬২ পয়সা করা হয়েছে।
নতুন সমন্বয়কৃত দামে এ মাসে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমানোর পাশাপাশি সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৬৫২ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৪৮২ টাকা, ১৫ কেজির সিলিন্ডার এক ৭৭৮ টাকা, ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৮৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৮ কেজির সিলিন্ডার দুই হাজার ১৩৪ টাকা, ২০ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৭১ টাকা, ২২ কেজির সিলিন্ডার দুই হাজার ৬০৮ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি।
গ্যাসের নতুন দাম ২ মার্চ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বলবৎ থাকবে।
প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে।
আমাদের কাগজ/এমটি






















