আমাদের কাগজ ডেস্ক: মূল্যবৃদ্ধির পর বাজারে সরবরাহ ঘাটতির মধ্যেই দাম বাড়ল ভোজ্য তেল ও চিনির দাম। সরকারের নির্ধারিত দর প্রতি কেজি ১০৪ টাকা হলেও ১৪০ থেকে ১৫০ টাকায় কিনতে হচ্ছে চিনি। প্যাকেট চিনি বলতে গেলে উধাও। এরইমধ্যে ভোজ্য তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ মূল্য নির্ধারণ করে।
এদিকে তেল-চিনির পাশাপাশি বাজারে দাম বেড়েছে ডিম, পেঁয়াজ, রসুন ও আদার। অন্যান্য নিত্যপণ্যের মধ্যে চাল, আটা ও ডাল বাড়তি দামে স্থিতিশীল রয়েছে।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্যাকেটজাত চিনি খুব একটা নেই। খোলা চিনি পাওয়া গেলেও সরকারের নির্ধারিত (১০৪ টাকা) দরের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। দোকানিদের কথায়, সব শেষ ঈদের আগে মোকাম থেকে ১৩০ টাকায় চিনি কিনতে হয়েছে।
প্রতি কেজি চিনি কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা।
এ ছাড়া নতুন মোড়কের তেল না এলেও কেউ কেউ প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকা এবং পাঁচ লিটার ৯৬০ টাকায় বিক্রি করছে।
এ বিষয়ে জানতে চাইলে কারওয়ান বাজারের ব্যবসায়ী বিল্লাল বলেন, বেশির ভাগ দোকানেই প্যাকেট চিনি নেই। খোলা চিনি বিক্রি করছি। এ ছাড়া কোম্পানিগুলো এখনো নতুন তেল সরবরাহ করেনি। সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে। তাই বাড়তি দামেই বিক্রি করছি।
সরকারের বিপণনকারী প্রতিষ্ঠান টিসিবির তথ্যানুসারে চিনি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকায়। গত এক মাসে দাম বেড়েছে ১৯ শতাংশ। আর ভোজ্য তেল বিক্রি হয়েছে খোলা প্রতি লিটার ১৬৮ থেকে ১৭৫ টাকা, এক লিটার ১৮০ থেকে ১৮৫ টাকা পাঁচ লিটার ৮৭০ থেকে ৮৯০ টাকা।
এদিকে গত ছয় মাস ধরে টানা বিশ্ববাজারে কমেছে সয়াবিন ও পাম অয়েলের দাম। তাই দেশের বাজারে ভোজ্য তেলের দাম কমার কথা। অথচ না কমিয়ে উল্টো দাম বাড়িয়ে দেশের ভোক্তাদের জীবন দুর্বিষহ করে তুলেছেন ব্যবসায়ীরা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হবে। এতদিন এ দাম ছিল ১৮৭ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৬০ টাকা। এতদিন দাম ছিল ৯০৬ টাকা। এর মানে নতুন করে ৫ লিটারে বাড়ল ৫৪ টাকা, ১ লিটারে ১২ টাকা।
অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭৬ টাকা। এতদিন প্রতি লিটার বিক্রি হয়েছে ১৬৭ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হবে ১৩৫ টাকা করে।
উল্লেখ্য, সবশেষ গত বছরের ১৭ নভেম্বর দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।
সয়াবিনের দাম বাড়ানোর পর বাজারে সরবরাহ বাড়লেও চিনির সংকট যেন কাটছেই না। আজ (৫মে) রাজধানীর পলাশী, নিউমার্কেট, হাতিরপুল, কাঁঠালবাগান ও তেজগাঁওয়ের কলমিলতা বাজারে ও দোকান ঘুরে চিনি পাওয়া যায়নি।
আমাদের কাগজ/এমটি






















