অর্থ ও বাণিজ্য ২১ মে, ২০২৩ ০৮:২২

১৯ দিনে এলো ১১৩ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ধরে) যে অঙ্ক দাঁড়ায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৫ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স।

রবিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মে মাসের প্রথম ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডলার।

আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯০ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ১৯ দিনে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি ১৮০ কোট ডলারে দাঁড়াতে পারে। যা আগের মাস এপ্রিলের চেয়ে কিছুটা বেশি। এটি তার আগের মাস মার্চ ও আগের বছরের মে মাসের চেয়ে কিছুটা বেশি। 

প্রবাসীরা এপ্রিলে পাঠিয়েছিলেন ১৬৮ কোটি ৩৫ লাখ ডলার। আর মার্চ ও আগের বছরের মে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন যথাক্রমে ২০২ কোটি ও ১৮৮ কোটি ৫৪ লাখ ডলার।


আমাদেরকাগজ/এইচএম