অর্থ ও বাণিজ্য ২ জুন, ২০২৩ ০৯:২৮

পণ্যের দাম বাড়লেও বাংলাদেশের মানুষ ভালো আছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পণ্যের দাম বাড়লেও অন্যদের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি। নিম্নআয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে, এটা অর্থমন্ত্রীও বলেছেন। আমরা কিন্তু এটি মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল-চিনি ও ভোজ্যতেল দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কমদামে পেঁয়াজ বিক্রি করেছি।’

পণ্যের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগীরা অন্যতম দায়ী বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাজারে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে। আমরা যেসব পণ্য আমদানি করি তার দাম যদি বাড়ে বাজারেও এর প্রভাব পড়ে। কোথাও কোথাও সমস্যা আছে। মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্যের দাম বাড়লেও বাংলাদেশে আমরা ভালো আছি। আমরা আশা করছি সামনে আরও ভালো কিছু হবে।’


আমাদেরকাগজ/এইচএম