অর্থ ও বাণিজ্য ৩ জুন, ২০২৩ ১২:৩২

বাজারে বেড়েছে দেশি পেঁয়াজের দাম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। এ সময়ের দেশি বাজারে পেঁয়াজ কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৬০ টাকা দরে।

আজ শনিবার সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এ সময়ে জানা যায়, ভারত থেকে আমদানি বন্ধ এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা।

বর্তমানে পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা পারভিন বেগম বলেন, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে। গত সপ্তাহের থেকে আজ কেজিপ্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। আগে পাঁচ কেজি করে পেঁয়াজ কিনতাম, এখন এক কেজিও কিনতে পারছি না।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আলী জানান, দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে মোকামগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আগে প্রতি মণ দেশি পেঁয়াজ ২৩শ’ থেকে ২৪শ’ টাকা দরে কিনলেও বর্তমানে প্রতি মণ দেশি পেঁয়াজ ৩ হাজার থেকে ৩ হাজার দুই টাকা দরে কিনতে হচ্ছে। 

তিনি জানান, আমরা বেশি দামে কিনে, বেশি দামে বিক্রি করছি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না হয়, তাহলে দেশি পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, দেশের কৃষকদের কথা চিন্তা করে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার।

আমাদেরকাগজ/এমটি