নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি, ঈদ ও সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমরা কাঁচা মরিচ আমদানির পারমিশন দিয়েছি, মরিচ আসাও শুরু হয়েছে। আশা করছি যে দাম কমে যাবে।
আজ সোমবার দুপুরে রংপুর নগরীর কামাল কাছনা এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করছে সরকার। যখনই প্রয়োজন হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইমপোর্টের (আমদানির), যেমন পেঁয়াজের দিয়েছেন, টমেটোর দিয়েছেন। এই মাঝখানে বৃষ্টি, ঈদ বিভিন্ন কারণে ট্রান্সপোর্টের (পরিবহনের) সমস্যার জন্য একটু স্লো (ধীর) হয়েছে। আর কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী তো সুযোগ নেয়ই। তারপরও আমি মনে করি দু-একদিনের মধ্যে আরও কমে আসবে।’
তিনি বলেন, ‘সুযোগ সন্ধানী কথাটার সঙ্গেই তো সুযোগ বিষয়টি রয়েছে, এটা ব্যবসায়ীরা নেয়ই। এখানে আমরা সব সময় চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করার জন্য। আমরা যে শতভাগ সফল হই তা বলি না, কিন্তু সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জনগণকেও এ ব্যাপারে বেশ অ্যাকটিভ (সক্রিয়) থাকতে হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু সারা বিশ্বেই দ্রব্যমূল্যের ইনফ্লেশন রয়েছে। এটা নিয়ন্ত্রণেও আমরা নানা পদক্ষেপ নিয়েছি।
আমাদেরকাগজ/এইচএম






















