অর্থ ও বাণিজ্য ১১ জুলাই, ২০২৩ ০৮:৪৪

দাম কমলো সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে দাম কমায় সয়াবিন তেলের দাম ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ৮-১০ টাকা কমাল আমদানিকারক ও পরিশোধন মিলমালিকেরা। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন নতুন এ দামের ঘোষণা দেয়। 

প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৮ টাকা এবং বোতলজাত ১০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া পাম তেল (খোলা) ৫ টাকা এবং বোতলজাত ১২ টাকা দাম কমানো হয়েছে। আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা। লিটারপ্রতি ৮ টাকা কমিয়ে তা ১৫৯ টাকা করা হয়েছে। ১ লিটার সয়াবিন তেলের বোতল ছিল ১৮৯ টাকা। ১০ টাকা কমিয়ে তা ১৭৯ টাকা করা হয়েছে। ৫ লিটার বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে। 

আগে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা। এখন প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে তা ১২৮ টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রতি লিটার পাম তেলের বোতল ছিল ১৬০ টাকা, ১২ টাকা কমিয়ে তা ১৪৮ টাকা করা হয়েছে। 


আমাদেরকাগজ/এইচএম