অর্থ ও বাণিজ্য ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:০৬

ডিমের বাজারে লাগাম আনতে

ভারত থেকে আসছে আরও ৬ কোটি ডিম  

আমাদের কাগজ ডেস্ক : দেশে ডিমের বাজারে লাগাম টানতে ভারত থেকে আরও ৬ কোটি ডিম আমদানি করা হবে। সরকার এই ডিম আমদানির অনুমোদন দিয়েছে। আজ (বৃহস্পতিবার) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশে ডিমের চাহিদা থাকায় ও সিন্ডিকেট তৎপরতা বেড়ে যাওয়ার ফলে ডিমের বাজার নিয়ন্ত্রণে এই আমদানির অনুমোদন দিয়েছে সরকার। ভারত থেকে আসবে এই ডিম। এসময় ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ছয় প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমাদানির অনুমোদন দেওয়া হয়। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়। এরও আগে গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। এদিকে ডিম আমদানির জন্য পাঁচটি শর্ত বেঁধে দিচ্ছে সরকার। 

এগুলো হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।

গত ১৪ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় আমিষের দাম বাড়ার মধ্যে খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়।

আমাদেরকাগজ/এমটি