অর্থ ও বাণিজ্য ২৬ অক্টোবর, ২০২৩ ১১:০৩

বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যা ইতিহাসে সর্বোচ্চ।

আজ বৃহস্পতিবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

 

আমাদেরকাগজ/এইচএম